ভারতের রাজধানী দিল্লির আম আদমি পার্টি (এএপি) সরকারের আইনমন্ত্রী জিতেন্দর সিং তোমরকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।
মঙ্গলবার সকালে তোমরকে গ্রেফতার করা হলেও কী অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে কর্তৃপক্ষ তা আনুষ্ঠানিকভাবে জানায়নি বলে জানিয়েছে এনডিটিভি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে দিল্লি পুলিশ প্রধান বিএস বাসি তার কাছে ‘কোনো তথ্য নেই’ বলে জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, সোমবার রাতে প্রতারণা ও জালিয়াতির দায়ে তোমরের বিরুদ্ধে একটি এফআইআর (মামলা) দায়ের করা হয়েছে।
তার আইনি ডিগ্রি ভুয়া, সম্প্রতি এমন একটি অভিযোগ মোকাবিলা করছিলেন দিল্লির আইনমন্ত্রী।
তোমরের এই হঠাৎ গ্রেফতারে হতচকিত হয়ে গেছে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন দিল্লি সরকার। শিল্পপতিদের এক ফোরামে বক্তৃতা দিয়ে ফেরা দিল্লির ডেপুটি মুখ্যমন্ত্রী মনিষ সিসোদিয়া খবরটি শুনে বিমুঢ় হয়ে যান। দিল্লির সচিবালয়ে জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল।
তোমরকে গ্রেফতার করার পর প্রথমে হাউজ খাস থানায় নিয়ে যায় পুলিশ। সেখান থেকে তাকে বসন্ত বিহার থানায় হস্তান্তর করা হয়।
দুটি থানার চারপাশেই ব্যারিকেড ও অন্যান্য নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে দিল্লির পুলিশ কমিশনার বাসি বলেন, “আমি এখনও কিছু জানি না। আমি একটি মিটিংয়ে ছিলাম, কিছুক্ষণের মধ্যেই বিস্তারিত জানাচ্ছি।”
এএপি বলেছে, আগাম কোনো নোটিশ ছাড়াই তোমরকে গ্রেপ্তার করা হয়েছে। এজন্য কেন্দ্রীয় বিজেপি সরকারকে দায়ী করেছে দলটি।
এএপি-র একটি সূত্র অভিযোগ করে বলেছে, কেন্দ্রের প্রতিনিধিত্ব করা দিল্লির লেফটেন্যান্ট গভর্নর নাদিম জং তোমরের গ্রেফতারের আদেশে সই করেছেন।
প্রশাসনের প্রধান কর্মকর্তাদের নিয়োগ দেয়া নিয়ে দিল্লি সরকারের সঙ্গে গভর্নরের ক্ষমতার দ্বন্দ্ব চলছে। সম্প্রতি দিল্লির দুর্নীতি দমন বিভাগের নিয়ন্ত্রণ নিয়ে গভর্নর ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বিবাদ শুরু হয়।
এপ্রিলে তোমরের বিরুদ্ধে প্রথম ভুয়া সার্টিফিকেট ব্যবহারের অভিযোগ উঠে। তখন থেকে তোমরের পদত্যাগ দাবি করে আসছে বিজেপি ও কংগ্রেস।
বিহারের তিলকা মানঝি ভাগলপুর বিশ্ববিদ্যালয় দিল্লি আদালতকে জানিয়েছে, তোমরের আইন ডিগ্রির কোনো রেকর্ড তাদের কাছে নেই। এই বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির সার্টিফিকেটই দাখিল করেছিলেন।
জেআই





