দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডুবে যাওয়া মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস লেক্সিংটনের ধ্বংসাবশেষের খোঁজ মিলেছে কোরাল সাগরে। মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা পল অ্যালেনের নেতৃত্বে একটি অনুসন্ধানী দল রোববার জাহাজটির ধ্বংসাবশেষের সন্ধান পায়। সোমবার এ তথ্য জানিয়েছে মার্কিন নৌবাহিনী।

৭৬ বছর পর অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল থেকে ৮০০ কিলোমিটার দূরে কোরাল সাগরের তলদেশে তিন কিলোমিটার গভীরে রণতরীটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে জানিয়েছে বিবিসি।

১৯৪২ সালের ৪ থেকে ৮ মে কোরাল সাগরে এক যুদ্ধে লেক্সিংটন হারিয়ে গিয়েছিল; যুদ্ধে রণতরীটির দুই শতাধিক নাবিকও নিহত হন। বেশ কয়েকটি ছবিতে রণতরীটির ধ্বংসাবশেষ সুরক্ষিত থাকতে দেখা গেছে। ধ্বংসাবশেষের সঙ্গে লেক্সিংটনের ৩৫টি বিমানের মধ্যে ১১টি বিমানেরও খোঁজ পেয়েছে পল অ্যালেনের ভালকান কোম্পানি।

প্রশান্ত মহাসাগরে মার্কিন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল হ্যারি হ্যারিস মঙ্গলবার এক বিবৃতিতে হারিয়ে যাওয়া রণতরীর সন্ধান পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘ইউএসএস লেক্সিংটনের বেঁচে যাওয়া একজনের সন্তান হিসেবে পল অ্যালেন ও অনুসন্ধানকারী নৌযান পেট্রেলের নাবিকদের অভিনন্দন জানাচ্ছি।’

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রশান্ত মহাসাগরে জাপানের অগ্রযাত্রা থামিয়ে দিতে কোরাল সাগরের যুদ্ধকে গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচনা করা হয়। জাপানি টর্পেডো ও বোমায় বিধ্বস্ত বিমানবাহী রণতরী লেক্সিংটনকে মার্কিন বাহিনীই ডুবিয়ে দিয়েছিল।

জাপানি বাহিনীর হামলায় রণতরীর ২১৬ নাবিকের মৃত্যুর কথাও পরে মার্কিন নৌবাহিনী জানিয়েছিল, উদ্ধার করা হয়েছিল দুই হাজারেরও বেশি ক্রুকে। সূত্র: বিবিসি।

এসএম