ইয়েমেনের রাজধানী সানায় অবস্থিত ওমানের রাষ্ট্রদূতের কার্যালয়ে হামলা হয়েছে। দেশটিতে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে গোলা নিক্ষেপের সময় এ হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার প্রকাশিত এক বিবৃতিতে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার নিন্দা জানিয়ে বলেছে যে এটি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। তবে বিবৃতিতে এ বিষয় বিস্তারিত কোনো কিছু জানানো হয়নি।
একই সঙ্গে বিবৃতিতে ইয়েমেনের স্থিতিশীলতা ও নিরাপত্তা ফিরিয়ে আনতে উভয় পক্ষকে তাদের মধ্যকার বিবাদের বিষয়গুলোকে এড়িয়ে যেতে আহবান জানানো হয়েছে।
ইয়েমেনের বিদ্রোহীদের ওপর বোমা হামলা চালিয়ে আসছে আরব জোটের বাহিনী। রাজধানী সানার দখল নেয়ার জন্য দেশটির নির্বাসিত প্রেসিডেন্ট আবদ রাব্বু মানসুর আল হাদির অনুগত সেনারা ও আরব জোটের স্থলবাহিনী হামলা তীব্রতর করেছেন। ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে হুতি বিদ্রোহীরা সানা দখল করে রেখেছেন।
হুতিদের নিয়ন্ত্রিত একটি বার্তা সংস্থা জানিয়েছে, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় পক্ষে থেকে বলা হচ্ছে যে সানার বিভিন্ন এলাকায় হামলার ঘটনায় আহতদের চিকিৎসা দেয়ার মতো সামর্থ্য নেই তাদের।
শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, হাসপাতালগুলোতে আহতদেরকে চিকিৎসা দেয়ার জন্য প্রয়োজনীয় ঔষধ নেই এবং অ্যাম্বুলেন্সের জন্য জ্বালানি তেল ও অন্যান্য যন্ত্রপাতি নেই।
জেডআই





