বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের বিমানবন্দর ও মেট্রো ট্রেনে আত্মঘাতী হামলাকারী তিনজনকে শনাক্ত করা হয়েছে।
বুধবার ওই তিন হামলাকারীকে শনাক্ত করা হয়। চতুর্থ আরেক সন্দেহভাজনের খোঁজে তল্লাশী চালাচ্ছে পুলিশ। ঘটনার সময় ওই সন্দেহভাজন হামলাকারীর স্যুটকেসে থাকা বোমাটি ফোটাতে ব্যর্থ হন তিনি।
বেলজিয়ামের প্রসিকিউটররা বলছেন, ইব্রাহিম ও খালিদ নামে দুই ব্যক্তি বিমানবন্দর ও মেট্রো স্টেশনে হামলা চালায়। নাজিম নামে আরেক বোমা বিশেষজ্ঞকে বিমানবন্দরে দ্বিতীয় হামলাকারী হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। বিমানবন্দরে হামলাকারী তৃতীয় এক সন্দেহভাজনের খোঁজে তল্লাশী চলছে।
সিসিটিভির ফুটেজে তাকে মাথায় হ্যাট ও পরনে জ্যাকেট পরিহিত অবস্থায় বিমানবন্দরের বহির্গমন হলে দেখা গেছে। পরে বিস্ফোরক ভর্তি ওই স্যুটকেসে বিস্ফোরণ ঘটাতে ব্যর্থ হন তিনি।
এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, 'ব্রাসেলসে আত্মঘাতী বোমা হামলাকারীদের একজনকে গতবছর দেশটি থেকে নেদারল্যান্ডসে দেশান্তরিত করা হয়েছিল। ওই হামলাকারীকে সিরীয় সীমান্তের কাছ থেকে তুর্কি সরকারি বাহিনী গ্রেফতার করেছিল।'
বিষয়টি বেলজিয়াম ও ডাচ কর্তৃপক্ষকে জানানো হলেও তারা তুর্কি সতর্কতাকে আমলে নেয়নি বলে অভিযোগ করেছেন এরদোয়ান। বেলজিয়ামের বিচারমন্ত্রী কোয়েন জিনস বিষয়টি জানতেন, কিন্তু ওই ব্যক্তি যে একজন সন্ত্রাসী হামলাকারী তা ধারণা করতে পারেননি বলে জানিয়েছেন।
মঙ্গলবার ব্রাসেলসের বিমানবন্দরে জোড়া বিস্ফোরণ এবং একটি মেট্রো স্টেশনে অপর একটি বিস্ফোরণে অন্তত ৩৪ জন নিহত এবং ২৫০ জন আহত হয়েছেন। বেলজিয়ামে এখন তিনদিনের জাতীয় শোক পালিত হচ্ছে। সূত্র: এএফপি
ওএফ





