ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদের জনপ্রিয়তায় ধস নেমে তা ১৩ শতাংশে এসে দাঁড়িয়েছে। জনপ্রিয়তা হ্রাসের ক্ষেত্রে এটি এক নতুন রেকর্ড সৃষ্টি করেছে। জরুরি ভিত্তিতে মন্ত্রিসভায় রদবদলে পরই প্রেসিডেন্ট ওঁলাদের জনপ্রিয়তায় ধস নামে বলে সাম্প্রতিক মতামত জরিপে উঠে এসেছে।
ফরাসি সংস্থা টিএনএস-সোফরেস নতুন এ মতামত জরিপের ফলাফল বৃহস্পতিবার প্রকাশ করেছে। এতে, ওঁলাদের জনপ্রিয়তা আগের মাসের চেয়ে আরো পাঁচ শতাংশ কমে আগস্টে এসে মাত্র ১৩ শতাংশে ঠেকেছে বলে দেখা গেছে। গত মাসের ২৫ তারিখে মন্ত্রিসভা ভেঙ্গে দিয়ে প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালাসকে নতুন মন্ত্রিসভা গঠনের নির্দেশ দেয়ার কয়েক দিন পর এ জরিপ চালান হয়।
মুখোমুখি সাক্ষাৎকারের ভিত্তিতে এক হাজার ফরাসি নাগরিকের ওপর এ জরিপ চালান হয়েছে। মতামত জরিপটি আগস্টের ২৮ থেকে সেপ্টেম্বরের ১ তারিখ পর্যন্ত চলেছে। দেশটির আর্থিক সংকট ও ক্রমবর্ধমান বেকারত্ব সামাল দিতে ওঁলাদ সরকার ব্যর্থ হচ্ছে বলে যখন ফরাসি নাগরিকরা অভিযোগ করছে তখন এ মতামত জরিপের ফল প্রকাশ করা হলো।
এদিকে, ফরাসি প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা আগের দু’মাসের চেয়ে আরো ১৪ শতাংশ হ্রাস পেয়ে আগস্টে তা এসে ৩০ শতাংশে ঠেকেছে। এর আগে ওঁলাদের মন্ত্রিসভার সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হতেন ম্যানুয়েল ভালাস। এক সময়ে তার জনপ্রিয়তা ৫০ শতাংশ পর্যন্ত স্পর্শ করেছিল। সূত্র: আইআরআইবি
ঢাকা, ০৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





