জম্মু-কাশ্মিরে পাকিস্তানি বাহিনীর গুলিতে ভারতের এক সৈন্য নিহত ও দুই বেসামরিক নারী আহত হয়েছে। সোমবার রাজৌরি সেক্টরে নিয়ন্ত্রণ রেখায় দুদেশের সৈন্যদের মধ্যে গোলাগুলিতে ওই সৈন্য নিহত হয়।

এনডিটিভির খবরে বলা হয়, জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলাতেও গোলাগুলির ঘটনা ঘটেছে। জেলার মেন্ধাম সেক্টরে নিয়ন্ত্রণ রেখা এলাকায় ভারতীয় নিরাপত্তা চৌকি লক্ষ্য করে বন্দুকের গুলি ও শেল নিক্ষেপ করেছে পাক সেনাবাহিনী। এছাড়া নিয়ন্ত্রণ রেখার মানকোট ও বালাকোট এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে।

খবরে আরও বলা হয়, ভারত ‘সার্জিকেল স্ট্রাইক’ পরিচালনার পর থেকে দুদেশের মধ্যে গোলাগুলিতে ভারতের ১১ বেসামরিক ব্যক্তি ও আট নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে ৪০ জনের অধিক। গত দুই সপ্তাহে পাকিস্তানেরও ২০ সৈন্য নিহত হয়েছে বলে উল্লেখ করা হয়।

এসএম