ফিলিপাইনের একটি পর্যটন স্পট থেকে কানাডীয় দুই পর্যটক, এক নরওয়েজিয়ান হোটেল ম্যানেজার ও স্থানীয় এক নারীকে অপহরণ করেছে বন্দুকধারীরা।
মঙ্গলবার দেশটির সেনাবাহিনী এ কথা জানিয়েছে। খবর বিবিসি ও রয়টার্সের।
সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, সোমবার রাতে সামাল দ্বীপের হলিডে ওশানভিউ রিসোর্ট থেকে তাদের অপহরণ করা হয়।
অজ্ঞাত অপহরণকারীরা নৌকার সাহায্যে পালিয়ে যায় বলে জানিয়েছেন ক্যাপ্টেন আলবার্তো ক্যাবার।
অপহৃত কানাডীয় দুই নাগরিক হলেন জন রিডসেল ও রবার্ট হল। নরওয়েজিয়ান জার্তান সেকিংসতাদ রিসোর্টটির ম্যানেজার বলে জানানো হয়েছে। অপর অপহৃত ফিলিপিনো নারীর পরিচয় উল্লেখ করা হয়নি। ধারণা করা হচ্ছে, তিনি অপহৃত এক কানাডীয় নাগরিকের সঙ্গিনী।
অপহরণের সময় জাপানি দুই পর্যটক অপহরণকারীদের বাধা দেওয়ার চেষ্টা করেন বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
কেএইচ





