গত ৯৯ বছর তাঁরা জন্মদিন পালন করেছেন। এবারও করবেন। আসছে ২৪ মে এই দুই বোনের জন্মদিন। তবে শততম জন্মদিনের আগে দুই বোনের ছবি ভাইরাল হয়েছে। কারণ, তাঁরাই বিশ্বে প্রথম যমজ বোন, যাঁরা ১০০ বছর পূর্ণ করতে চলেছেন।
ব্রাজিলের দুই যমজ বোন মারিয়া পিগনাটন পনটিন ও পাওলিনা পিগনাটন পানডলফি। এরা অনেক দিন ধরেই আলোচনায়। তাঁদের দেখলে মনে হবে যেন মিরর ইমেজ।
অর্থাৎ একজন মানুষ আয়নায় নিজেকে দেখলে যেমন দেখেন, ঠিক এই দুজনকে দেখলেও আলাদা করা যাবে না। চোখ, নাক, মুখ, হাসি আর চলাফেরার ভঙ্গিসহ সব একই রকম। তাঁদের মধ্যে পার্থক্য একটা জায়গায়। তাঁদের একজন চশমা পরেন। অন্যজন পরেন না। তাঁদের চেনার উপায় এই একটাই।
গত ৯৯ বছর ধরে এই দুই বোন জন্মদিন পালন করছেন। জন্মদিনের সময় তাঁদের পোশাকের রংটা ভিন্ন থাকে। ভিন্ন থাকে কেকও। আগামী ২৪ মে তাঁরা ১০০ বছর পূর্ণ করতে যাচ্ছেন। তবে এর আগেই তাঁরা গণমাধ্যমে আলোচনায় এসেছেন। গত সোমবার তাঁদের কয়েকটি ছবি গণমাধ্যমে প্রকাশ হয়েছে।
বিভিন্ন ভঙ্গিতে তাঁরা ছবি তুলেছেন। তাঁরা রেকর্ড গড়ছেন। বিশ্বে তাঁরাই প্রথম যমজ বোন, যাঁরা ১০০ বছর পূর্ণ করতে চলেছেন। জন্মদিনের পোশাক হিসেবে একজন পরেছেন গোলাপি রঙের, অন্যজন পরেছেন আকাশি রঙের পোশাক। ফুলের মুকুট আর গলার হারে আছে মিল। তাঁদের ছবি তুলেছেন ২৮ বছর বয়সী আলোকচিত্রী ক্যামিলা লিমা।
‘১০০ বছর বয়সী কারও সঙ্গে এখন পর্যন্ত আমার দেখা হয়নি। এরা তো যমজ! আমি তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে ছবি তোলার কথা বলি। উপহার হিসেবে ওই ছবি তাঁদের আমি দিই।’ বলছিলেন ক্যামিলা লিমা। ক্যামিলা লিমা ফেসবুকে লেখেন, ওই দুই বোনের জন্মদিন ২৪ মে।
আসছে জন্মদিন বেশ ঘটা করেই পালনের পরিকল্পনা করেন দুই বোন। তাঁদের পরিবারও বেশ বড়। তাই ১০০ সদস্যকে সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
জেড





