স্কুলশিক্ষার্থীদের দেয়া দুপুরের খাবার নিয়ে বিভিন্ন সময় বিতর্কের সৃষ্টি হয়েছে। খাবারের মান নিয়ে উঠেছে প্রশ্ন। আবার কখনও নিম্নমানের খাবার খেয়ে শিক্ষার্থীরা হয়েছে অসুস্থ।
তবে সাম্প্রতিক এক ঘটনা এসব কিছুকে ছাড়িয়ে গেছে। এবার শিক্ষার্থীদের খাবারে মিলেছে মৃত সাপ।
বৃহস্পতিবার ভারতের হরিয়ানার ফরিদাবাদের রাজকেয়া বালিকা উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।
ইতিমধ্যে ওই খাবার খেয়ে দুই শিক্ষক এবং ছয় শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। খবর সংবাদ প্রতিদিনের।
এ ঘটনায় স্কুলটিতে খাবার সরবরাহের দায়িত্বে থাকা ইস্কন ফুড রিলিফ ফাউন্ডেশনের উদাসীনতাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা।
বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা অভিযোগ করেন, ওইদিন খাবার খেতে বসার পর থেকেই কোনো একটা বাজে গন্ধ পাওয়া যাচ্ছিল।
তবু অনেকেই খাবার খাওয়া শুরু করে। এরপরেই এক ছাত্রী খাবারের মধ্যে সাপের মৃতদেহ দেখতে পায়। সেই বিষয়টি সবার নজরে আনে।
পরে স্কুলের অধ্যক্ষ এবং অন্যান্য শিক্ষকরা সেই খাবার খেতে মানা করেন। কিন্তু ততক্ষণে বেশ কয়েকজন ওই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে।
টাইমনিউজবিডি.নেট/ মাহমুদ





