ইরাকে ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধারা একটি উপজাতীয় গোষ্ঠীর দুই শতাধিক সদস্যকে হত্যা করেছে। গত দশদিনে তাদেরকে হত্যা করা হয় বলে জানা গেছে। তবে, আইএসের হাতে নিহতদের সংখ্যা একেক সূত্র থেকে একেক রকম পাওয়া গেছে। তবে, কোন সূত্রের খবরই দুই শতাধিকের নিচে নয়। খবর আল জাজিরার।

হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিরা আনবার প্রদেশের আলবু নিমর উপজাতির বলে জানা গেছে। এই উপজাতির লোকেরা আইএসের বিরুদ্ধে যুদ্ধরত রয়েছে। এ কারণেই তাদেরকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশটি সুন্নী সশস্ত্র গোষ্ঠী আইএসের দখলে রয়েছে।

ইরাকের পুলিশ বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা শাবান আল-উবাইদি বার্তা সংস্থা এএফপিকে জানান, দুই শতাধিক ব্যক্তিকে হত্যা করেছে আইএস। এদিকে, আনবার প্রাদেশিক কাউন্সিলের উপ-প্রধান ফালেহ আল-ইসাবি জানান, ২৫৮ জন ব্যক্তিকে হত্যা করেছে আইএস।

এসএমএ