নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে দুই নারী আত্মঘাতীর বোমা হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার তারা এ হামলাটি চালায় উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাইদুগুরিতে। খবর আল জাজিরা ও রয়টার্সের।

অঞ্চলটি সশস্ত্র যোদ্ধা গোষ্ঠী বোকো হারাম অধ্যুষিত। তাই ধারণা করা হচ্ছে হামলার পিছনে এই সংগঠনটিই দায়ী। তবে, শেষ খবর পাওয়া পর্যন্ত কেউ হামলার দায়ভার স্বীকার করে নি। সাম্প্রতিক সময়ে বোকো হারাম নারী আত্মঘাতীদের কাজে লাগাচ্ছে।

চারজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানান, মাইদুগুরির একটি বাণিজ্য এলাকায় এক নারী প্রবেশ করে নিজেকে বোমায় উড়িয়ে দেয়। এতে অনেকেই হতাহত হন। এ সময় হতাহত লোকদের সরাতে লোকজন জড়ো হলে আরেকজন নারী আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়।

প্রত্যক্ষদর্শী একজন জানিয়েছেন, তিনি অনেককেই মাটিতে পড়ে থাকতে দেখেছেন। তবে, তাদের মধ্যে ঠিক কতজন মারা গেছেন তা তিনি বলতে পারেন নি। আরেকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, অন্তত ৬০ জন নিহত হয়েছেন।

এদিকে, নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জোনাথন উত্তর-পূর্বাঞ্চলীয় তিনটি প্রদেশে জরুরী অব্স্থার মেয়াদ বাড়াতে পার্লামেন্টের প্রতি আহবান জানিয়েছেন। উল্লেখ্য, বোকো হারাম অধ্যুষিত উত্তর-পূর্বাঞ্চলীয় তিনটি প্রদেশে চলতি সপ্তাহেই জরুরী অব্স্থার মেয়াদ শেষ হতে যাচ্ছে।

এমএ