বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা আজ সোমবার সকালে বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৬৫ হাজারের বেশি।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ২৪ লাখ ছয় হাজার ৯০০ জন। তাদের মধ্যে বর্তমানে ১৬ লাখ ২৪ হাজার ৮৪০ জন চিকিৎসাধীন এবং ৫৪ হাজার ২১৮ জন (৩ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ছয় লাখ ১৭ হাজার চারজন সুস্থ হয়ে উঠেছে এবং এক লাখ ৬৫ হাজার ৫৬ জন রোগী মারা গেছে।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশে গতকাল রোববার পর্যন্ত আরো সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ৯১ জনের মৃত্যু হলো।

এ ছাড়া গতকাল পর্যন্ত নতুন করে আরো ৩১২ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট দুই হাজার ৪৫৬ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

এএস