পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী তেহরিকে তালেবান পাকিস্তান (টিটিপি) যুদ্ধবিরতির মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর আগে দু’ দফায় যুদ্ধবিরতি মেয়াদ ৪০ দিনের বেশি বাড়িয়েছিল তারা। এ সত্ত্বেও সরকার এ গোষ্ঠীর দাবির প্রতি ইতিবাচক সাড়া দিতে ব্যর্থ হয়েছে বলে টিটিপি’র মুখপাত্র শাহিদুল্লাহ শাহিদ দাবি করেছেন।
এক বিবৃতিতে তিনি দাবি করেছেন, যুদ্ধের সঙ্গে জড়িত নয় এমন বন্দিদের মুক্তি দেয়া, তালেবানদের প্রস্তাব অনুযায়ী শান্তি এলাকা গঠন এবং উপজাতীয় এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযান বন্ধের মতো ‘বাস্তব’ দাবির প্রতি পাক সরকার ইতিবাচক সাড়া দিতে ব্যর্থ হয়েছে। তিনি আরো দাবি করেন, আস্থা সৃষ্টি এবং উত্তেজনা কমানোর জন্য এগুলোই হলো সুনির্দিষ্ট পদক্ষেপ।
এ ছাড়া, যুদ্ধবিরতির ভেতর সরকারি অভিযানে ৫০ জনের বেশি তালেবান সদস্য নিহত এবং দুইশ’র বেশি আহত হয়েছে বলে দাবি করেন এ টিটিপি মুখপাত্র। তিনি বলেন, যুদ্ধবিরতিকে অস্বীকার করে সমগ্র পাকিস্তানে তালেবান বিরোধী শত শত অভিযান চালানো হয়েছে। গত ১০ এপ্রিল তালেবানের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু তারপরও শান্তি আলোচনার বিষয়ে পাক সরকার রহস্যজনক নীরবতা বজায় রেখেছে।
[b]ঢাকা, ১৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]