ভারতীয় বিমান বাহিনীর 'সুখোই-৩০' যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।

বৃহস্পতিবার ভারতের আসাম প্রদেশে তেজপুরে একটি ধানক্ষেতে বিমানটি বিধ্বস্ত হয়।

প্রশিক্ষণের জন্য উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় যুদ্ধবিমানে থাকা দুই পাইলটকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে 'বিজনেস টুডে'।

সংবাদ মাধ্যমে বলা হয়, তেজুপরে উড্ডয়নের পরপরই প্রশিক্ষণ বিমান সুখোই-৩০ বিধ্বস্ত হয়েছে। তবে বিমানের দুই পাইলট বিমান থেকে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। তাদের উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তদন্ত শেষে বিমান দুর্ঘটনার কারণ জানা যাবে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন। দেশটির বিমান বাহিনীর জ্যেষ্ঠ অপর এক কর্মকর্তা বলেন, নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে বিমানটি উড্ডয়ন করেছিল। তেজপুর এলাকার আকাশে থাকাকালীন বিমানটি ভেঙে পড়ে।

তিনি বলেন, বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তে বিমানটির ইঞ্জিনে সমস্যা শুরু হয় বলে পাইলট জানিয়েছিল। স্থানীয় সময় রাত সোয়া ৮টার দিকে এটি বিধ্বস্ত হয়।

এর আগে, গত জুনে অরুণাচল প্রদেশে ভারতীয় বিমান বাহিনীর একটি এএন-৩২ বিমান বিধ্বস্ত হয়। এতে অন্তত বিমানবাহিনীর ২৬ কর্মকর্তার প্রাণহানি ঘটে।

জেড