সোমালিয়ায় আল শাবাবের হামলায় অন্তত ৭ সেনার প্রাণহানি হয়েছে। শুক্রবার ভোরে সেনাবাহিনীর একটি ক্যাম্পে হামলা চালালে এই প্রাণহানির ঘটনা ঘটে। পাল্টা হামলায় আল শাবাবের তিন যোদ্ধাও নিহত হয়েছে বলে দাবি করেছে সেনাবাহিনী। খবর রয়টার্সের।
হামলার ঘটনাটি ঘটেছে বাইদোয়া শহরের নিকটবর্তী একটি সেনা ক্যাম্পে। এদিকে, আল শাবাব দাবি করেছে তাদের হামলায় নিহত সেনার সংখ্যা কমপক্ষে ১০। উল্লেখ্য, নিহত সেনার সংখ্যার ক্ষেত্রে সবসময় আল শাবাব ও সেনাবাহিনীর মধ্যে পার্থক্য দেখা যায়।
মার্কিন বিমান হামলায় আল শাবাবের গোয়েন্দা ও নিরাপত্তা বিভাগের প্রধান তাহলিল আবদিস শাকুর নিহত হওয়ার দাবি করার মাত্র দুদিন পরই এই হামলা চালালো সংগঠনটি।
উল্লেখ্য, সোমালিয়ার পশ্চিমা সমর্থিত সরকারের পতন ঘটিয়ে ইসলামী শরীয়াহ আইন চালুর লক্ষ্যে লড়াই চালিয়ে আসছে আল শাবাব। সংগঠনটির সঙ্গে আল কায়েদার সংযোগ রয়েছে বলে ধারণা করা হয়।
এমএ





