ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরে এক ব্যক্তির পেট থেকে অস্ত্রোপচারের মাধ্যমে ৪০টি ছুরি বের করা হয়েছে। জেলার করপোরেট হাসপাতালে গত শুক্রবার এই অস্ত্রোপচারটি হয়।
বিরল ওই অস্ত্রোপচারে অংশগ্রহণকারীদের একজন ডা. জিতেন্দ্র মালহোত্রা টাইমস অব ইন্ডিয়াকে জানান, স্থানীয় একটি থানার হেড কনস্টেবল জারনাইল সিং (ছদ্মনাম) এক সপ্তাহ আগে পাকস্থলীতে ব্যথা এবং দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়ার পরও রোগীর পেটে ব্যথা বাড়ছিল। এরপর তাঁর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এন্ডোস্কপি করার পর দেখা যায়, তাঁর পেটে ধাতব কিছুর অস্তিত্ব আছে। এরপর রোগীর পেটের সিটি স্ক্যান করার পর দেখা যায় রোগীর পেটে বেশ কিছু ছুরি আছে।
জারনাইল সিং এবং তাঁর আত্মীয়স্বজনদের জিজ্ঞাসা করার পর জানা যায়, সম্প্রতি রোগীর কিছুটা মানসিক সমস্যা দেখা দিয়েছিল। এবং সবার অলক্ষে রোগী বেশকিছু বিভিন্ন মাপের ছুরি খেয়ে ফেলেছেন।
এরপর জিতেন্দ্র মালহোত্রাসহ চিকিৎসক বি বি গয়াল, রাজিন্দর রাজন, আরতি মালহোত্রা এবং অনিতা দেশাইয়ের পাঁচ সদস্যের একটি চিকিৎসকদল অস্ত্রোপচার করেন। এই অস্ত্রোপচারে পুলিশ কনস্টেবল জারনাইল সিংয়ের পেট থেকে একে একে ৪০টি ছুরি বেরিয়ে আসে।
চিকিৎসকরা জানান, এই ছুরিগুলোর মধ্যে অধিকাংশ ছিল বন্ধ করা, ফলে রোগীর পাকস্থলী একেবারে কেটে যায়নি।
ডা. জিতেন্দ্র মালহোত্রা। সংবাদমাধ্যমকে তিনি জানান, অপারেশনটি ভীতিকর ছিল। আমি আমার চিকিৎসক জীবনে এমন ঘটনা আর দেখিনি। এ ছাড়া ওই রোগী বর্তমানে আশঙ্কামুক্ত বলেও জানান জিতেন্দ্র।
এমবি





