শুক্রবার মিশরে দুই বিদেশি নারী পর্যটককে ছুরিকাঘাত করে হত্যা করেছে এক দুর্বৃত্ত। এতে অন্তত আরো ৪ জন আহত হয়েছে বলে জানা গেছে। হুরঘাদার জনপ্রিয় রেড সি পর্যটন কেন্দ্রের এক হোটেলে এ ঘটনা ঘটে। মিশরের হাসপাতাল কর্তৃপক্ষ থেকে বিবিসি এ সংবাদ জানিয়েছে।
দেশটির অভ্যন্তরীণ মন্ত্রণালয় জানাচ্ছে, সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ কর্তৃক তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রিসোর্ট কর্মকর্তা সূত্রে জানা যায়, হামলাকারী নিকটস্থ উম্মুক্ত সমুদ্র সৈকত থেকে সাঁতরে রিসোর্টে প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে ২০১৬ সালের জানুয়ারিতে একই পর্যটন কেন্দ্রে তিন বিদেশি পর্যটক ছুরিকাঘাত হয়েছিল। সে সময় আইএস জঙ্গিগোষ্ঠীর দুই জঙ্গিকে এ ঘটনার জন্য সন্দেহ করা হয়।
প্রাথমিক রিপোর্টে বলা হয় যে, এ দুই নারী পর্যটক ইউক্রেনের নাগরিক কিন্তু রয়টার্স নিউজ এজেন্সি পরবর্তীতে এদেরকে জার্মান বলে জানিয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানাচ্ছে, এটা স্পষ্ট নয় যে আক্রমণকারীর সাথে জিহাদী গোষ্ঠীর কোন সংযোগ ছিল কিনা বা সে মানসিকভাবে সমস্যাগ্রস্ত কিনা।
মিশরের নিরাপত্তা বাহিনী দেশটির সিনাই উপদ্বীপে ইসলামি জিহাদি গোষ্ঠীর সাথে লড়ছে। গত কয়েক বছর ধরে উত্তর আফ্রিকায় গড়ে উঠা পর্যটন শিল্প এসব জিহাদি গোষ্ঠী দ্বারা শিকার হচ্ছে।
এমএনজে





