মিশরের একটি আদালত সাবেক নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসির ১২৬ জন সমর্থককে রোববার ১০ বছরের কারাদণ্ড দিয়েছে। এদের মধ্যে ৬ জন নাবালক রয়েছে। গত বছরের অগস্ট মাসে নীল দেলতা প্রদেশের কাফর আল-শেখ শহরে সহিংসতার ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে তাদের কারাদণ্ড দেওয়া হয়। একই মামলায় ৬ নাবালকে এক বছরের বিলম্বিত কারদণ্ড দিয়েছে আদালত। রায়ে বলা হয়েছে, যদি অভিযুক্ত ৬ নাবালক আগামী ৩ বছরের মধ্যে একই ধরনের সহিংস ঘটনার সাথে সম্পৃক্ত থাকে, তবে তাদেরকে এক বছর জেলে কাটাতে হবে। রোববার রাজধানী কায়রোর একটি পুলিশ একাডেমিতে আদালত বসানো হয়েছিল। বিচারক হাসান ফরিদ যখন রায় পাঠ করছিলেন তখন মামলার বিবাদীরা "সামরিক শাসন নিপাত যাক" বলে শ্লোগান দেন। বিবাদীদের বিরুদ্ধে দাঙ্গায় অংশগ্রহণ, ধারালো অস্ত্র বহন এবং জনগণের সম্পত্তি নষ্টের অভিযোগ আনা হয়েছে। গত বছর সামরিক বাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হন দেশটির প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরুসি। এরপর তার সমর্থকরা সারা দেশে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু করেন। কায়রো ও গিজায় মুরসি সমর্থকদের দু'টি ক্যাম্প স্থাপন করা হয়। ১৪ আগস্ট বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রক্তাক্ত অভিযান চালায় আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী। সম্প্রতি যে ১২৬ জনকে সাজা দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে ১৪ আগস্টের ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ এনেছে সরকার। রায়ের নিন্দা জানিয়েছে বিবাদীদের পরিবার ও তাদের আইনজীবীরা। তারা উচ্চ আদালতে আপিল করতে পারবেন। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন। [b]ঢাকা, ১৯ মে (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]