বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা ১৯ কোটি ৮ লাখ ছাড়িয়ে গেছে। আর এই মহামারিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪০ লাখ ৯৫ হাজার ছাড়িয়েছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, আজ (২০ জুলাই) মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ কোটি ৮ লাখ ৭৭ হাজার ৭১ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৪০ লাখ ৯৫ হাজার ৬৫০ জনের।
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। মঙ্গলবার (২০ জুলাই) সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪১ লাখ ২৯ হাজার ৯৪১ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৬ লাখ ৯ হাজার ২৩১ জনের।
যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৯৩ লাখ ৯১ হাজার ৮৪৫ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৪২ হাজার ৭৫৬ জনের।
আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১১ লাখ ৪৪ হাজার ২২৯ জন। আর মৃত্যু হয়েছে ৪ লাখ ১৪ হাজার ১০৮ জনের।
মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো চতুর্থ স্থানে আছে। আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৫ নম্বরে। মেক্সিকোতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৬ লাখ ৬৪ হাজার ৪৪৪ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৪৬৯ জনের।
এদিকে, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৩১ জনের মৃত্যু হয়েছে। দেশে করোনায় মৃত্যু শুরু হওয়ার পর এটিই সর্বোচ্চ বলে তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া একই সময়ে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৩২১ জন।
সোমবার (১৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এইসব তথ্য জানানো হয়। এ হিসেবে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ১৩ হাজার ছাড়িয়ে গেছে আবার।
সোমবার দেশে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৮ হাজার ১২৫ জনে। করোনার বিস্তার রোধে কঠোর লকডাউনের শেষ দিন ১৪ জুলাই মোট মৃত্যু ছিল ১৭ হাজারে। সেই তালিকায় আরও ১ হাজার নাম যুক্ত হতে সময় লাগল মাত্র পাঁচদিন। আর মাত্র ১৫ দিনে মৃত্যু হল ৩ হাজার মানুষের।
গত একদিনে দেশে প্রায় ৪৫ হাজার নমুনা পরীক্ষা করে ১৩ হাজার ৩২১ জনের সংক্রমণ শনাক্ত করা হয়। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ১৭ হাজার ৩১০ জনে।
এর আগে একদিনে সর্বোচ্চ ২৩০ জনের মৃত্যু হয়েছে। সেটি ছিল গত ১১ জুলাই।
এমবি





