জনবল ও ক্যামেরা সংকটের কারণে ধীর গতিতে চলছে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাজ। মাত্র চারটি ক্যামেরা আর প্রয়োজনের তুলনায় অল্প কিছু জনবল নিয়ে কচ্ছপ গতিতে চলছে ডিজিটাল পাসপোর্ট তৈরির কাজ।
রিয়াদ বাংলাদেশ দুতাবাসের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, এখানে যে হারে মানুষ ডিজিটাল পাসপোর্ট বানাতে এসেছে সে অনুযায়ী যন্ত্রপাতি নাই, কাজ করার লোকও নাই। তবুও আমরা যথাসাধ্য চেষ্টা করছি সবার কাজ করে দিতে।
আমাদের একজন কর্মকর্তা বা কর্মচারী বসে নেই রাতদিন কাজ করেই যাচ্ছে। তবে যে সমস্যা আছে সেই সমস্যাগুলির দ্রুত সমাধান হয়ে গেলে আমরা আরও দিগুণ কাজ করতে সক্ষম হবো।
গত ১৮ আগস্ট বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রিয়াদ সফরে এসে এক অনুষ্ঠানে বলেছেন, খুব দ্রুত সময়ের মধ্যে যেন প্রবাসী বাংলাদেশীরা ডিজিটাল পাসপোর্ট পায় আমরা সেই কাজক্রম চালু করেছি।
মালেয়েশিয়ান একটি কোম্পানিকে এই কাজ দেয়া হয়েছে এবং রিয়াদ হোটেল সেরাটনে এর কার্যক্রম উদ্ভোধন করা হয়।
তিনি আরও বলেছিলেন লোকবল সংকট থেকে শুরু করে যে সকল সমস্যা আছে তার দ্রুত সমাধান করা হবে।
তবে মন্ত্রী চলে যাওয়ার পর এখন পর্যন্ত তার বক্তব্যের কোন সুফল প্রবাসী বাংলাদেশীরা পায়নি।
কবে নাগাদ এই ডিজিটাল সুবিধাগুলি তারা পাবেন তার অপেক্ষায় সৌদি আরবে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীরা।
এআর





