মঙ্গলপৃষ্ঠে অবতরণ করল নাসার অনুসন্ধানী রোবট- ইনসাইট মার্স ল্যান্ডার। মহাকাশে ৩০ কোটি ১০ লাখ মাইল পথ পাড়ি দিয়ে বাংলাদেশ সময় সোমবার মধ্যরাতে রোবটটি লাল এই গ্রহের মাটিতে গিয়ে নামে। মঙ্গলের ভূকম্পনের তথ্য থেকে গ্রহটির অভ্যন্তরীণ গঠন সম্পর্কে ধারণা পাওয়ার জন্যই নাসার এবারের মিশন।
মঙ্গলের অভ্যন্তরীণ পরিবেশ নিয়ে গবেষণার লক্ষ্যে গত ৫ই মে পৃথিবী থেকে যাত্রা শুরু করে নাসার অনুসন্ধনী রোবট ইনসাইট মার্স ল্যান্ডার। অবশেষে ৩০ কোটি ১০ লাখ মাইল বা ৪৫ কোটি ৮০ লাখ কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে লাল গ্রহটির মাটি স্পর্শ করে ৩৬০ কেজি ওজনের যানটি।
মঙ্গলের বায়ুমণ্ডলে প্রবেশের সাত মিনিট পর সফল অবতরণের সংকেত পাঠায় মার্সল্যান্ডার। অল্প সময়ের মধ্যেই চারপাশের ছবি পাঠাতে শুরু করে রোবটটি। প্রথম ছবি পৃথিবীতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়ে নাসার জেট প্রপালশান ল্যাবরেটরির সবাই।
নাসা প্রজেক্ট ম্যানেজার টম হফম্যান বলেন, 'এটা অসাধারণ এক অনুভূতি, ভাষায় প্রকাশ করার মতো নয়। আমাদের দীর্ঘ সাত বছরের কষ্ট আজ সফল হয়েছে। এটা মঙ্গলে নাসার অষ্টমবার সফল অবতরণ।'
অবতরণের পর সেখানে সাইসমোমিটার স্থাপনের পর থেকেই তথ্য পাঠাতে শুরু করে ইনসাইট মার্স ল্যান্ডার। আগামী দুই বছর মঙ্গলের অভ্যন্তরীণ গঠন আর পরিবেশ নিয়ে গবেষণা চালাবে তিন পা আর এক হাতের এই রোবটটি। এটি নির্মাণে ব্যয় হয়েছে ৯৯ কোটি ৩০ লাখ মার্কিন ডলার।
ক্যালিফোর্নিয়ার নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি থেকে নিয়ন্ত্রিত হবে মার্স ল্যান্ডার।
এসএম





