ভারতে ১৬তম লোকসভার প্রথম অধিবেশন ৪ জুন থেকে ১১ জুন পর্যন্ত চলবে। বৃহস্পতিবার দেশটির সংসদ বিষয়ক মন্ত্রী এম ভেঙ্কাইয়া নাইডু এ কথা জানিয়েছেন। নাইডু বলেন, প্রথম অধিবেশনের শুরুতেই লোকসভার নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। আর নতুন স্পিকার নির্বাচিত করা হবে ৬ জুন। অধিবেশনে প্রেসিডেন্ট প্রণব মুখার্জিও উপস্থিত থাকবেন। ৯ জুন তিনি ভাষণ দিবেন। এরপর দুদিন চলবে ভাষণের ওপর আলোচনা।  প্রেসিডেন্টকে ধন্যবাদ জ্ঞাপনমূলক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের মাধ্যমেই অধিবেশনের সমাপ্তি হবে। তবে প্রধানমন্ত্রী প্রয়োজনে আরও একদিন অধিবেশন বাড়াতে পারেন। নাইডু আরও বলেন, এরপর অল্প কিছুদিন বিরতি দিয়ে আবার অধিবেশন শুরু হবে। যেখানে নতুন সরকার বাজেট পেশ করবেন। এদিকে নতুন স্পিকার নির্বাচিত করতে ইতোমধ্যেই বিজেপি কার্যক্রম শুরু করেছে। স্পিকার হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন সাবেক মন্ত্রী সুমিত্র মহাজন। আর ১৫তম লোকসভার ডেপুটি স্পিকার কারিয়া মুন্ডই ঐ পদে বহাল থাকবেন। পরবর্তীতে এ বিষয় আলাপ-আলোচনার পরে সিদ্ধান্ত জানাবেন মোদি। সূত্র: এনডিটিভি [b]ঢাকা, ২৯ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ [/b]