মেক্সিকোর ইগুয়ালা শহরের মেয়রের স্ত্রীর মারিয়া দে লস অ্যাঞ্জেলেস পিনেদার বিরুদ্ধে সোমবার অপরাধ ও অর্থ জালিয়াতির মামলায় অভিযোগ গঠন করা হয়েছে।
শহরটিতে ৪৩ ছাত্র নিখোঁজ ও পরবর্তী সময়ে তাদের হত্যার ঘটনায় মেয়র অ্যাবার্কারও তার স্ত্রী পিনেদাকে গ্রেফতার করা হয় গত নভেম্বর মাসে। খবর বিবিসির।
অভিযোগ গঠনের পর পিনেদাকে উচ্চ নিরাপত্তাবিশিষ্ট কারাগারে পাঠানো হয়েছে।
আদালতে অভিযোগ গঠনের শুনানিতে প্রসিকিউটররা বলেন, পিনেদার ভাইয়েরা স্থানীয় মাদকচক্রের সঙ্গে জড়িত। ওই চক্রটি শহরজুড়ে অপরাধ কার্যক্রম পরিচালনা করে থাকে।
তারা আরও জানান, বিক্ষোভরত ছাত্রদের মাদকচক্রের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। চক্রের সদস্যরা তাদের হত্যা করে লাশ পুড়িয়ে দেয়।
পিনেদার বিরুদ্ধে ৪৩ ছাত্র নিখোঁজ ও হত্যার ঘটনায় অভিযোগ গঠন করা হয়েছে কি না তা এখনও নিশ্চিত নয়।
গত বছরের সেপ্টেম্বরে গুয়েরেরো রাজ্যের ইগুয়ালায় বিক্ষোভরত ৪৩ ছাত্রকে উঠিয়ে নিয়ে যায় পুলিশ। এরপর তাদের মাদকচক্রের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।
ওই ঘটনায় শহরটির মেয়র জোসে লুইস অ্যাবার্কা ও তার স্ত্রী পিনেদা জড়িত রয়েছেন বলে অভিযোগ রয়েছে। মূলত তাদের নির্দেশেই এ ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেছে আন্দোলনকারীরা।
ইআর





