মাছ ধরার ছোট নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে যাওয়ার পথে তিন নারী ও এক শিশুসহ ১০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইতালির কোস্টগার্ড।
অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারে বৃহস্পতিবার রাতে নৌকাটির কাছে যান কোস্টগার্ডের সদস্যরা। ওই সময় নৌকার ভেতর ৮ জনের মরদেহ পান তারা। এছাড়া ওই নৌকা থেকে আরও ৪২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা মালি, আইভরি কোস্ট, গিনি, ক্যামেরুন, বুরকিনা ফাসো, নাইজারসহ বিভিন্ন দেশ থেকে এসেছেন।
উদ্ধারকৃতরা জানিয়েছেন, মুমূর্ষু এক মায়ের হাত ফসকে নৌকা থেকে এক শিশু সাগরে পড়ে যায়। এছাড়া অপর এক ব্যক্তি নৌকা থেকে হারিয়ে যান। তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
নৌকাটি তিউনিসিয়া উপকূল থেকে গত সপ্তাহে ইতালির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু যাত্রার শুরু থেকেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে থাকে এটি। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত ঠাণ্ডায় ওই অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যু হয়েছে।
সাগরে ভাসমান ওই নৌকার বিষয়ে ইতালির কোস্টগার্ডকে অবহিত করে মাল্টা। ভূমধ্যসাগরের যে স্থানে নৌকাটি ছিল সেখানে নিয়ন্ত্রণ রয়েছে মাল্টার।
এইচএম





