[b]মস্কো:[/b] রাশিয়ার কৃষ্ণ সাগরের তীরবর্তী অবকাশ যাপন কেন্দ্র সোচিতে অনুষ্ঠতব্য শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চীনের প্রেসিডেন্ট শি জিংপিং।
সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
দক্ষিণ রাশিয়ার শহর সোচিতে ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ২২তম শীলকালীন অলিম্পিক গেমস, চলবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
এক বিবৃতিতে চীনা পররাষ্ট্র মন্ত্রনালয়ের পক্ষ থেকে বলা হয়, “উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে প্রেসিডেন্ট শি ফেব্রুয়ারির ৬ থেকে ৮ তারিখ পর্যন্ত রাশিয়ায় থাকবেন।”
এ ব্যাপার বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
চীনের প্রেসিডেন্টের অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ গ্রহণের সিদ্ধান্ত কূটনৈতিকভাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য ইতিবাচক একটি বিষয়। কারণ পুতিনের রাজনৈতিক প্রতিপত্তি অলিম্পিক গেমসের সাফল্যের ওপর অনেকখানি নির্ভর করছে।
তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও মিত্র জার্মানির প্রেসিডেন্ট জোয়াকিম গুক গেমস উপলক্ষ্যে রাশিয়া না যাওয়ার সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছেন।
গত মাসে রাশিয়ার দক্ষিণাঞ্চলের ভলগোগ্রাদ শহরে বোমা হামলায় ৩৪ জন নিহত হলে গেমসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেয়া দেয়।
এ ঘটনার পর পুতিন দেশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। সোচিতে গেমস এলাকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য এরই মধ্যে সেখানে ৩৭ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।