ধর্মঘট অব্যাহত রাখা চিকিৎসকদের সব ন্যায় সঙ্গত দাবি মেনে নিয়ে তাদের কাজে ফেরার অনুরোধ জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। শনিবার এই আহ্বান জানিয়ে রাজ্য সচিবালয়ে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে রুদ্ধ দ্বার বৈঠকের উদ্যোগ নেন তিনি।
তবে চিকিৎসকরা তাতে সাড়া না দিয়ে মমতার বিরুদ্ধে তুলেছেন সংকট সমাধানে কার্যকর উদ্যোগ না নেওয়ার অভিযোগ। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে চিকিৎসকদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।
সম্প্রচারমাধ্যম এনডিটিভি নিজস্ব সূত্রের বরাতে জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতি নিয়ে শনিবার রাজ্য সরকারের কাছে প্রতিবেদন চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। শনিবার রাজ্য সচিবালয়ে সাংবাদিকদের সাথে চিকিৎসকদের ধর্মঘট নিয়ে কথা বলেন মমতা বন্দোপাধ্যায়
গত সোমবার (১০ জুন) কলকাতার সরকারি নীল রতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক রোগী মারা গেলে তার স্বজনদের হাতে লাঞ্ছিত হয় দুই জুনিয়র চিকিৎসক। এই ঘটনার জেরে পরদিন থেকে রাজ্যের সরকারি হাসপাতালে ধর্মঘট শুরু করেছে চিকিৎসকদের সংগঠন বেঙ্গল ডক্টরস। তাদের সমর্থনে কর্মসূচি দিচ্ছেন ভারতের বিভিন্ন রাজ্যের চিকিৎসকেরাও। আগামীকাল সোমবার দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে ভারতীয় মেডিক্যাল অ্যাসোসিয়েশন।
সরকারি হাসপাতালে রোগীদের দুর্ভোগের মুখে চিকিৎসকদের ধর্মঘটে বহিরাগতদের ইন্ধন রয়েছে বলে বৃহস্পতিবার অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ধর্মঘট অব্যাহত থাকায় শনিবার বিকেল পাঁচটায় রাজ্য সচিবালয়ে আন্দোলনরত চিকিৎসকদের রুদ্ধ দ্বার আলোচনায় বসার আমন্ত্রণ জানান তিনি। শনিবার মমতা বলেন, ‘এধরনের ঘটনা অন্য রাজ্যগুলো প্রায়ই সরাসরি কঠোর ব্যবস্থা নেয়। তবে আমরা তা করিনি’।
তবে মমতার আহ্বান প্রত্যাখান করে আলোচনার জন্য মুখ্যমন্ত্রীকে নীল রতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আসার আহ্বান জানিয়েছেন আন্দোলনরত চিকিৎসকেরা। আন্দোলনরত চিকিৎসকদের এক মুখপাত্র বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ‘আমরা কাজে ফিরতে উন্মুখ হয়ে আছি। কিন্তু মুখ্যমন্ত্রীর তরফ থেকে সমস্যা সমাধানে কোনও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি’। মুখ্যমন্ত্রীর বৃহস্পতিবারের ‘রুঢ় মন্তব্যের’ জন্য নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা এবং সহকর্মীদের লাঞ্ছিতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ ছয়টি দাবি তুলেছেন আন্দোলনরত চিকিৎসকেরা।
এনডিটিভির খবরে বলা হয়েছে, চিকিৎসক ও চিকিৎসা পেশাজীবীদের বেশ কয়েকটি সংগঠন থেকে পশ্চিমবঙ্গের ঘটনায় কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চিকিৎসা সংশ্লিষ্টদের অনুরোধের প্রেক্ষিতে মমতা বন্দোপাধ্যায়ের সরকারের কাছে প্রতিবেদন চেয়ে পাঠানো হয়েছে। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন সব রাজ্য সরকারকে চিঠি দিয়ে চিকিৎসকদের সুরক্ষায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। ওই চিঠিতে অভিযোগ তোলা হয়েছে, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার এ ধরনের ব্যবস্থা না নেওয়ায় চিকিৎসকদের আন্দোলনের তীব্রতা বাড়ছে।
জেড





