আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় অন্তত ৩৫ জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছে আরো অনেকে।
নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির পক্ষ থেকে শনিবার এই তথ্য জানানো হয়েছে।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র হাসিবুল্লাহ শিখ খানি জানিয়েছেন, বৃহস্পতিবার শুরু হওয়া দুদিনের বন্যায় জাওযজান ও বাদগিসে যথাক্রমে ১২ জন ও দুজন মারা গেছেন।
হেরাতে দুজন মারা গেছেন এবং সার-ই পুল প্রদেশে একজন। বন্যায় পাঁচ শতাধিক বাড়ি ধ্বংস হয়ে গেছে।
এছাড়া তিনি বলেন, বাগদিস প্রদেশে ৮ জন এবং বালখ প্রদেশে ৫জনের প্রাণহানি ঘটেছে এ বন্যায়।
এএফপিকে তিনি আরো বলেন, বন্যায় এখনও ১২ জন নিখোঁজ রয়েছে। এছাড়া এতে অন্তত ৩ হাজার বাড়ি ধ্বংস হয়েছে এবং আরো অন্তত ৭০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
হেরাত প্রদেশের শির আহমেদ নামে বন্যায় আক্রান্ত একজন বলেন, বন্যার আমার বাড়ি এবং ফসলের মাঠ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তিনি আরো বলেন, আপনি যদি ওই অবস্থা দেখতেন আপনিও কেঁদে ফেলতেন।
বন্যায় আক্রান্ত দেশটির বিভিন্ন প্রদেশে তাৎক্ষণিকভাবে জরুরি বিভাগের কর্মীদের মোতায়েন করা হয়েছে। তবে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্মীরা।
এএস





