মুসলিম ব্রাদারহুডকে সমর্থন করার অভিযোগে ৬০ জন বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে মিশরের একটি বিচারিক প্যানেল। সোমবার এই ব্যবস্থা নেয়ার কথা জানায় মিশরের বিচারিক প্যানেল। খবর ওয়ার্ল্ডবুলেটিনের।

গত বছরের জুলাইয়ে কায়রোর পূর্বে রাবা আল-আদাবিয়া চত্বরে অবস্থান কর্মসূচি পালন করে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকেরা। আর তাদের প্রতি সমর্থন জানিয়ে ২৪ জুলাই ৬০ জন বিচারক একটি বিবৃতি দেন। বিবৃতিটি আল-আদাবিয়া চত্বরে উচ্চস্বরে পড়ে শুনানো হয়।

বিচারিক প্যানেল এই বিচারকদের বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তা হচ্ছে, এই বিচারকেরা একটি 'সুনির্দিষ্ট রাজনৈতিক দলে'র প্রতি পক্ষপাতিত্ব করেছেন।

অভিযুক্ত বিচারকদের মধ্যে মুরসির শাসনামলের আইনমন্ত্রী আহমেদ মেক্কি এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট মাহমুদ মেক্কীও রয়েছেন।

উল্লেখ্য, গত বছর মুসলিম ব্রাদারহুডের এই অবস্থানে নির্বিচারে গণহত্যা চালায় সেনাবাহিনী। এতে শত শত ব্রাদারহুড কর্মী নিহত ও কয়েক হাজার আহত হন। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন

এসএমএ