২০১৫ সালে হজ্জ পালন করতে গিয়ে দু'বার দুর্ঘটনার শিকার হলেন ধর্মপ্রাণ মুসলিমরা। সৌদি সরকার হজ্জ পালন করতে আসা মুসলিমদের নিরাপত্তা জোরদারের কথা বললেও দুর্ঘটনার সংখ্যা বেড়েই চলছে।
এবার হজ্জ শুরু হওয়ার আগে গত ১১ সেপ্টেম্বর মসজিদ আল হারামের নির্মাণ কাজে ব্যবহৃত একটি ভ্রাম্যমাণ ক্রেন ভেঙে পড়ে। যার ফলে ১১৮ জন মারা যান এবং ৩৯৪ জন আহত হন। ওই দুর্ঘটনার শিকার অধিকাংশ মানুষই হজ্জ পালন করতে গিয়েছিলেন।
সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই মিনায় পাথর নিক্ষেপ করার সময় পদদলিত হয়ে মারা গেছেন ৭১৭ জন (এই রিপোর্ট লেখা পর্যন্ত)। আহতের সংখ্যা ৮৬৩।
মুসলিমদের পবিত্র স্থান মক্কায় হজ্জের সময় এই দুর্ঘটনা নতুন নয়। ২০০৬ সালে এই মিনাতেই পদদলিত হয়ে মারা গিয়েছিলেন ৩৬০ জন হাজী।
একই বছর হজ্জ শুরুর একদিন আগে মক্কার গ্রান্ড মসজিদের পাশে একটি আট তলা ভবন ভেঙে পড়ে। এতে ৭৩ জন নিহত হয়েছিলেন।
তার দু'বছর ২০০৪ সালে মিনায় পাথর নিক্ষেপের সময় ২৪৪ জন মানুষ মারা যান। হজ্জ পালনের শেষ দিনটিতে আহত হয়েছিলেন কয়েকশ' মানুষ।
একই জায়গায় ২০০১ সালে পদদলিত হয়ে মারা গিয়েছিলেন ৩৫ জন হজ্জ পালনকারী।
সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছিল ১৯৯০ সালে। সেবার ১ হাজার ৪২৬ জন হজ্জ পালনকারী পদদলিত হয়ে মারা যান।
জেডআই





