জাপানের ইয়োকোহামা পোর্টে আটকে পড়া ডায়মন্ড প্রিন্সেস ক্রুজ জাহাজের দুই যাত্রী করোনাভাইরাস সংক্রমনে মারা গেছেন।

আজ (২০ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দেশটির সরকারি সূত্রের বরাতে এই খবর প্রকাশ করেছে জাপান টাইমস।  

জাপানের সরকারি সূত্র জানিয়েছে, কোভিড-১৯ ভাইরাসের কারণে ইয়োকোহামা বন্দরে জাহাজের ডকে এই প্রথম মৃত্যুর ঘটনা ঘটল। ওই সূত্র বলছে, মৃত ব্যক্তিরা হলেন- একজন পুরুষ এবং নারী। তাদের বয়স প্রায় ৮০ বছর।

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বিস্তারিতভাবে আর কিছু জানা যায়নি।

এছাড়া জাপানের ফুকুওকা শহর কর্তৃপক্ষ একইদিন নিশ্চিত করেছে যে, সেখানে ৬০ বছর বয়সী এক বাসিন্দার দেহে করোনাভাইরাস সংক্রমণের খবর মিলেছে।

এদিকে, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী নতুন ‘করোনাভাইরাসে’ আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছেই। চীনের হুবেই প্রদেশ এই ভাইরাসে নতুন করে আরও ১০৮ জনের মৃত্যু হয়েছে। ফলে প্রদেশটিতে ‘করোনাভাইরাসে’ প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৯ জনে।

বুধবারের (১৯ ফেব্রুয়ারি) সর্বশেষ এই তথ্য আজ (২০ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকালে জানিয়েছে কর্তৃপক্ষ।

হুবেই স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, কোভিড-১৯ ভাইরাসের চীনে মোট ২ হাজার একশ ১২ জনের মৃত্যু হয়েছে। আর বিশ্বব্যাপী সে সংখ্যা দুই হাজার একশ ২০ জন। অর্থাৎ চীনের বাইরে বিভিন্ন দেশে প্রাণঘাতী ভাইরাসটিতে ৮জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে বিশ্বব্যাপী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৭৬ হাজার ২৬২ জন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা যায়, চীনের বাইরে করোনা ভাইরাসে হংকং ‍ও ইরানে দুইজন করে চারজন এবং তাইওয়ান, জাপান, ফিলিপাইন, ফ্রান্সে একজন করে মোট চারজনের মৃত্যু হয়েছে।

এমবি