ভারতশাসিত জম্মু-কাশ্মিরের রাজ্যপাল সত্যপাল মালিককে সরিয়ে দেয়া হয়েছে। কাশ্মির থেকে তাকে বদলি করে গোয়া রাজ্যের নতুন রাজ্যপাল করা হয়েছে। তার জায়গায় প্রস্তাবিত জম্মু-কাশ্মির কেন্দ্রশাসিত অঞ্চলের প্রথম উপ-রাজ্যপাল হচ্ছেন সাবেক আইএএস কর্মকর্তা ও বর্তমান কেন্দ্রীয় অর্থমন্ত্রকের ব্যয় সচিব গিরীশচন্দ্র মুর্মু।
ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন সেখানকার মুখ্যসচিব ছিলেন গিরীশ চন্দ্র মুর্মু। তাকে মোদির অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত বলে মনে করা হয়।
অন্যদিকে, ভারতের কেন্দ্রীয় সরকার শাসিত অঞ্চল লাদাখের প্রথম উপ-রাজ্যপাল হবেন সাবেক আইএএস কর্মকর্তা রাধাকৃষ্ণ মাথুর। ১৯৭৭ সালের ত্রিপুরা ক্যাডারের ওই কর্মকর্তা ২০১৮ সালের নভেম্বরে মুখ্য তথ্য কমিশনারের পদ থেকে অবসর নেন।
আগামী ৩১ অক্টোবর আলাদা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে আত্মপ্রকাশ করবে জম্মু-কাশ্মির ও লাদাখ। সেজন্য আগেভাগেই এসব নিয়োগের কথা ঘোষণা করল ভারতের কেন্দ্রীয় সরকার।
উল্লেখ্য, ভারতের কেন্দ্রীয় সরকার গত ৫ আগস্ট জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা সম্বলিত ৩৭০ ধারা বাতিল করে দেয়। গঠন করা হয় জম্মু-কাশ্মির এবং লাদাখ নামে দু’টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল। এরপরে প্রায় তিন মাস হতে চললেও এখনও অবরুদ্ধ হয়ে আছে গোটা কাশ্মির উপত্যকা ও সেখানকার মানুষ। বন্দি হয়ে আছেন রাজ্যের সাবেক তিন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, ডা. ফারুক আব্দুল্লাহ, ওমর আব্দুল্লাহসহ বহু রাজনীতিক।
এরকম পরিস্থিতিতেই শুক্রবার জম্মু-কাশ্মিরের রাজ্যপাল সত্যপাল মালিককে বদলি করার সিদ্ধান্তের কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। সূত্র : পার্সটুডে।
এমআর





