বিরোধী রাজনৈতিক কর্মীদের হত্যা ও তাঁদের নারী স্বজনদের ধর্ষণের হুমকি দেওয়ার পর অবশেষে ক্ষমা চাইলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও টালিগঞ্জের অভিনেতা তাপস পাল।
মঙ্গলবার তিনি নিঃশর্ত ক্ষমা চান বলে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে।
পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চৌমাহা গ্রামে সম্প্রতি এক সভায় বিরোধীদের হুমকি দেন তাপস। ২৪ ঘণ্টা নামের স্থানীয় একটি টিভি চ্যানেলের ক্যামেরায় ধরা পড়া এই বক্তব্য গতকাল সোমবার প্রচার করার পর তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। তাপসের দেওয়া ওই বক্তব্যের জন্য তাঁর স্ত্রী নন্দিনী পাল আজ ক্ষমা চান।
তাপসের বক্তব্যের নিন্দা জানায় তৃণমূল। দলের প্রধান ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ ঘটনায় নাখোশ হন। পরে দলের পক্ষ থেকে তাঁকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে তিনি ক্ষমা চাইলেন।
তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মুকুল রায় বলেন, তাঁর বক্তব্য নিন্দাযোগ্য। দল এগুলো অনুমোদন করে না। দল তাঁর কাছ থেকে ব্যাখ্যা চেয়েছে এবং সতর্ক করেছে। একই সঙ্গে তাঁর বক্তব্যের জন্য জনগণের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ দেয়।
ওই ভিডিওতে তাপসকে বলতে দেখা যায়, ‘আমি প্রচুর মস্তানি করেছি। আমি পকেটে মাল নিয়ে ঘুরি, ...আমি নিজে রিভলবার দিয়ে গুলি করে চলে যাব। সিপিআইএমকে গুলি করে মারব। আমার মা, বোন, বাবা, বাচ্চা কারোর গায়ে যদি হাত পড়ে, আমি ছেড়ে কথা বলব না। বাড়ি, বাড়ি ঢুকে ছেলে পাঠিয়ে রেপ করে দেব। তৃণমূলের কারোর গায়ে যদি কোনো সিপিএম হাত দেয়, তাদের গুষ্টি শেষ করে দেব। বাড়িঘর জ্বালিয়ে দেব!’
ঢাকা, ১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





