ভারতের মুম্বাইয়ে মদপানে মৃত্যুর সংখ্যা বেড়ে ৮৪ জন হয়েছে। এ ছাড়া হাসপাতালে আরও ১১ জন গুরুতর আহতাবস্থায় রয়েছে।
শনিবার দেশটির গণমাধ্যম এনডিটিভি এ খবর দিয়েছে।
প্রসঙ্গত, গত বুধবার মালাদ এলাকার লক্ষ্মীনগর বস্তিতে ওই মদ পানের ঘটনা ঘটে। এ ঘটনায় উদাসীনতার অভিযোগ এনে আট পুলিশকে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া ঘটনায় জড়িত থাকা সন্দেহে এ পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে।
খবরে বলা হয়েছে, আটকদের পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ নমুনা সংগ্রহ করেছে এবং তা পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পুলিশের অপরাধ বিভাগ বিষয়টি তদন্ত করছে বলে খবরে বলা হয়েছে।
মুম্বাই পুলিশের মুখপাত্র ধনঞ্জয় কুলকার্নি সাংবাদিকদের বলেছেন, ঘটনা সম্পর্কে উদাসীনতার অভিযোগে পুলিশের এক সিনিয়র পরিদর্শক এবং তিন অফিসার ও চার কনস্টবলসহ আটজনকে বরখাস্ত করা হয়েছে।
মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাবিস বৃহস্পতিবার রাতে কর্তৃপক্ষকে বিষয়টি তদন্তের এবং দুই দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
এমকে





