ইউরোপের দেশ নরওয়েতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে দেশটির বামপন্থী জোট।
১৩ সেপ্টেম্বর সোমবার দেশটিতে অনুষ্ঠিত এই নির্বাচনে লেবার পার্টির নেতা জোনাস গার স্টোরের নেতৃত্বে এই জয় পেলো তারা।
নরওয়েতে ২০১৩ থেকে রক্ষণশীল নেত্রী অ্যারনা সোলবার্গের নেতৃত্বাধীন জোট ক্ষমতায় ছিলো।
৮ বছর পর তাদের ক্ষমতাচ্যূত করল বামপন্থী জোট। নির্বাচনের এই ফল দেশের তেল শিল্পের ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে মনে করা হচ্ছে।
১৬৯ সদস্যের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ৮৫টি আসনের। এখনো পর্যন্ত ৯৭.৫ শতাংশ ভোট গণনা হয়েছে। বামপন্থীরা পেয়েছেন ১০০টি আসন।
বামপন্থী জোটের নেতা জোনাস বলেন, 'আমরা এই দিনটির অপেক্ষায় ছিলাম, আশায় ছিলাম, আমরা খুবই পরিশ্রম করেছি। শেষ পর্যন্ত আমরা পেরেছি।'
জোনাস বলেন, 'নরওয়ের মানুষ একটা বার্তা দিয়েছেন। তারা ন্যায্য সমাজ চান, যেখানে বিভেদ থাকবে না।'
নরওয়ের নির্বাচনী প্রচারের সময় সব চেয়ে গুরুত্ব পেয়েছিল জলবায়ু পরিবর্তন নিয়ে প্রতিবেদন।
বামপন্থীরা বলেছিলেন, তেলভিত্তিক অর্থনীতি থেকে ধীরে ধীরে নরওয়েকে সরে আসতে হবে। গ্রিন পার্টি অবিলম্বে তেল খোঁজার কাজ বন্ধ করার দাবি তুলেছিল। রক্ষণশীলরাও।
পেট্রো পদার্থের উপর নির্ভরতা কমানোর কথা বলেছিল। নরওয়ে হলো পশ্চিম ইউরোপের অন্যতম তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদক।
বামপন্থীরা কম ও মধ্য আয়ের মানুষদের কর কমাবার ও ধনীদের ওপর বেশি কর বসানোর কথা বলেছেন। তারা গ্রামের সমর্থকদের স্বার্থ রক্ষা করার কথাও বলেছেন। তথ্যসূত্র : ডয়েচে ভেলে।
এইচএন





