আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি তালেবানদের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (০৭ জুন) টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেন, আগামী ২০ জুন পর্যন্ত তালেবানদের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি পালন করবে সরকার। তবে তাৎক্ষণিকভাবে তালেবানরা প্রেসিডেন্টের ঘোষণার বিষয়ে কোন মন্তব্য করে নি। এ খবর দিয়েছে আল জাজিরা।
খবরে বলা হয়েছে, তালেবানদের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দিলেও আইএস এর মতো জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আশরাফ ঘানি। তিনি বলেন, আইএস’সহ অন্য সশস্ত্র জঙ্গিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে সরকার।
ইতিমধ্যেই তিনি তালেবানদের বিরুদ্ধে অভিযান বন্ধ রাখতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ২৭ রমজান থেকে ঈদুল ফিতরের পঞ্চম দিন পর্যন্ত অভিযান বন্ধ রাখা হবে।
পরে এক টুইটার বার্তায় আশরাফ ঘানি বলেন, এই যুদ্ধবিরতি তালেবানদের এ উপলব্ধির সুযোগ দিয়েছে যে, তাদের সহিংস কর্মকান্ড মানুষের মন জয় করে না, বরং আরও বিচ্ছিন্নতাবাদের দিকে ঠেলে দেয়।
দেশের শীর্ষ আলেমরা তালেবানদের বোমা হামলার শিকার হওয়ার পরপরই এ পদক্ষেপ নিল আফগান সরকার।
সম্প্রতি তাঁরা সবধরণের সহিংসতাকে ইসলামে অবৈধ ঘোষণা করেন। এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়ার পর সংশ্লিষ্ট স্থান ত্যাগ করার পূর্বেই তারা বোমা হামলার শিকার হন।
এমবি





