রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেছেন, ২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা পুনর্বিবেচনা কিংবা সংশোধনের সুযোগ নেই।
গতকাল (বৃহস্পতিবার) দু’নেতা টেলিফোন সংলাপ এ কথা বলেছেন। তারা দু’জনই সমঝোতা বাতিলের বিরোধিতা করে বলেছেন বরং এটা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে।
তারা জোর দিয়ে বলেন, কেউ যাতে একতরফা এ সমঝোতা বাতিল করতে না পারে তারও ব্যবস্থা করতে হবে।
গতকাল এ সংলাপের আগের দিন প্রেসিডেন্ট পুতিন ইরান সফর করেন। সফরের ফলাফল সম্পর্কে জানার জন্য ফরাসি প্রেসিডেন্ট ম্যাকরন রুশ প্রেসিডেন্ট পুতিনকে ফোন করেন। ক্রেমলিনের প্রেস সেকশন থেকে এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে এ সমঝোতা সই হয়েছিল এবং তিনি ব্যক্তিগতভাবে এ সমঝোতার প্রশংসা করেছিলেন।
কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই এ সমঝোতা বাতিলের পক্ষে বক্তব্য রেখে আসছেন। তবে সমঝোতায় সই করা অন্য দেশগুলো মার্কিন অবস্থানের বিরোধিতা করছে।
এমবি





