নাইজেরিয়ায় আবারো বড় ধরনের অপহরণের ঘটনা ঘটেছে। এবার ৬০ জন নারী ও কিশোরী এবং ৩১ জন কিশোরকে অপহরণ করা হয়েছে। অপহরণের জন্য সশস্ত্র সংগঠন বোকো হারামকে সন্দেহ করা হচ্ছে। মঙ্গলবার এ খবর জানিয়েছে আল জাজিরা।

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চল থেকে তাদেরকে অপহরণ করা হয়। এই অঞ্চলটিতে বোকো হারাম ব্যাপক সক্রিয়।

জানা গেছে, গত বৃহস্পতি, শুক্র ও শনিবার এই তিনদিনে তাদেরকে অপহরণ করা হয়। উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য বোর্নোর রাজধানী মাইদুগুরি থেকে ৬০ কিলোমিটার দূরবর্তী তিনটি গ্রাম থেকে তাদেরকে অপহরণ করা হয়।

অপহরণের সময় যারা বাধা দেয়ার চেষ্টা করেছে তাদেরকে গুলি করার হুমকি দেয়া হয়। ফলে গ্রামবাসীরা বাধাও দিতে পারেননি।

গত ১৫ এপ্রিল তিন শতাধিক স্কুলপড়ুয়া মেয়েকে অপহরণের রেশ কাটতে না কাটতেই আবারো অপহরণের ঘটনা ঘটলো। তিন শতাধিক মেয়ের মধ্যে প্রায় ৮০ জন পালিয়ে আসতে সক্ষম হলেও বাকিরা এখনো অপহৃত রয়ে গেছে। এর মধ্যে আবার নতুন করে অপহরণের ঘটনা ঘটলো। সূত্র: আলজাজিরা

ঢাকা, ২৪ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ