আজ বুধবার যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করেছেন পাকিস্তানের মালালা ইউসুফজাই ও ভারতের কৈলাশ সত্যার্থী। এ সময় নোবেল কমিটি তাদের উভয়কেই ‘শান্তির পথিকৃত’ হিসেবে অভিহিত করে।
নরওয়ের রাজা পঞ্চম হেরাল্ডের উপস্থিতিতে নরওয়ে নোবেল কমিটির চেয়ারম্যানের কাছ থেকে মালালা ও সত্যার্থী পুরস্কার গ্রহণ করেন।
পুরস্কার গ্রহণের আগে এক সাক্ষাতকারে অ্যাক্টিভিস্ট মালালা বলেন, দেশের সেবা করার প্রয়োজনে তিনি প্রধানমন্ত্রীও হতে প্রস্তুত।
আর শিশু অধিকারকর্মী কৈলাশ সত্যার্থী (৬০) বলেন, এই পুরস্কার পাওয়ার ফলে শিশুদের দাসত্ব থেকে মুক্ত করার কাজ তার জন্য আরো সহজ হবে।
১৭ বছর বয়স্কা মালালা সর্বকনিষ্ঠ হিসেবে নোবেল পুরস্কার পেয়েছেন। ২০১২ সালের অক্টোবরে স্কুলে যাওয়ার সময় তালেবান যোদ্ধারা তাকে গুলি করে। তিনি এখন মেয়েদের শিক্ষা নিয়ে কাজ করছেন। তবে বাস করছেন ব্রিটেনে।
তিনি স্কুলের মেয়েদের একটি দল নিয়ে নোবেল পুরস্কার গ্রহণ করেন। এদের মধ্যে ওই হামলার সময় আহত দুই মেয়েও ছিল।
মালালা ও সত্যার্থী পুরস্কার হিসেবে ৮০ লাখ সুইডিশ ক্রোনর (১১ লাখ মার্কিন ডলার) পাবেন। তারা এই অর্থ ভাগাভাগি করে নেবেন।
এএইচ





