আফগানিস্তানে সবচেয়ে বড় মার্কিন ঘাঁটিতে কর্মরত আফগান নিরাপত্তারক্ষীদের ওপর তালেবান যোদ্ধাদের হামলায় আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। 

সোমবার রাতে উত্তর কাবুল থেকে নিজেদের বাসায় যাওয়ার পথে বাগ্রাম নামক এলাকায় তারা এ হামলার শিকার হন। খবর দ্য ডন’র। জেলা গভর্নর আবদুল শাকুর কুদ্দুসি জানান, ‘বাগ্রামে প্রহরী হিসেবে দায়িত্বরত তারা সকলেই ছিল স্থানীয় বাসিন্দা।’ 

আফগান তালেবান এ হামলার দায় স্বীকার করেছে। বিদেশি শক্তিকে হটানো এবং সরকারকে সরানোর জন্য ঘোষিত দেশব্যাপী নতুন অভিযানের অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে। 

সম্প্রতি আফগান নিরাপত্তা বাহিনীর শক্তি বাড়ানোর লক্ষ্যে আফগানিস্তানে আরো সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছিল ওয়াশিংটন। মার্কিন সেনা কমান্ডাররাও সে দাবি জানিয়ে আসছিল। কারণ সাম্প্রতিক বছরগুলোতে ক্রমবর্ধমান হারে তালেবান হামলা বেড়ে চলেছে। 

বর্তমানে আফগানিস্তানে ৮ হাজার ৪০০ মার্কিন সেনা অবস্থান করছে। ন্যাটো বাহিনীর সেনা রয়েছে আরো ৫ হাজার। দেশটিতে ছয় বছর আগে অন্তত এক লাখ মার্কিন সেনা মোতায়েন ছিল।

এমএনজে