মুসলমানদের প্রথম কিবলা পবিত্র আল-আকসা মসজিদ নিয়ে জর্দানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে আলোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরাদাগান।

আল-আকসা মসজিদ প্রাঙ্গনে ইহুদিবাদী ইসরাইলের নিরাপত্তা বাহিনীর সঙ্গে ফিলিস্তিনি মুসল্লিদের সাম্প্রতিক সংঘর্ষের বিষয়টি আলোচনায় উঠে আসে এ বৈঠকে।

এ সময় দু’নেতা একমত হন যে, আল-আকসা মসজিদের কাঠামো কিংবা ঐতিহাসিক পরিবেশে কোনো পরিবর্তন ঘটানোর পদক্ষেপ মেনে নেয়া হবে না। এ ধরনের পদক্ষেপে পূর্ব বায়তুল মুকাদ্দাসের পরিচিতি হুমকির মুখে পড়বে। জর্দানের রাজা ফিলিস্তিনের আল-আকসা মসজিদ দেখভাল করার দায়িত্ব পালন করে থাকেন।

গতকাল সোমবারের বৈঠকে এরদোগান ও রাজা আব্দুল্লাহ সহিংসতা অবসানের জন্য ফিলিস্তিন এবং ইসরাইলের মধ্যে নতুন করে কথিত শান্তি আলোচনা শুরুর ওপর গুরুত্বারোপ করেন।

তারা বলেন, ১৯৬৭ সালের সীমানা মেনে এবং পূর্ব বায়তুল মুকাদ্দাসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমেই কেবল সমস্যার সমাধান সম্ভব।

এমবি