ইরান পাকিস্তানি রাষ্ট্রদূতকে তলব করে অবিলম্বে ‘সন্ত্রাসী ও বিদ্রোহী’দের হামলা বন্ধে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম রোববার একথা জানায়।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, শনিবার সন্ধ্যায় সিস্তান-বালুচিস্তান প্রদেশের গোলযোগপূর্ণ সীমান্তে হত্যাকাণ্ডের পর পাকিস্তানি রাষ্ট্রদূত নূর মোহাম্মদ জাদমানিকে তলব করা হয়।

দু’দেশের সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় এক গোলাগুলির ঘটনায় ইরানের দুই সীমান্তরক্ষী ও পাকিস্তানের একজন আধাসামরিক বাহিনী সদস্য নিহত হয়। ইরান বলেছে, বিদ্রোহীরা তাদের সীমান্তে অনুপ্রবেশ করতে চেয়েছিল।

ইরনা জানায়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া বিষয়ক পরিচালক রাসুল সালামি বলেন, ‘বিদ্রোহীরা পাকিস্তানি ভূখণ্ড থেকে আমাদের দেশের ওপর হামলা চালাচ্ছে এবং আমাদের সীমান্তরক্ষী হত্যা করছে এটি গ্রহণযোগ্য নয়।’

সংবাদ সংস্থা জানায়, তিনি পাকিস্তান সরকারকে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

এসএমএ