ইসরাইল নতুন করে যে সন্ত্রাসবাদ শুরু করেছে সে বিষয়ে তুরস্ক চুপ থাকবে না বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
তিনি আরও বলেছেন, ইসরাইলকে যারাই সমর্থন দেবে তাদের বিরুদ্ধে অবস্থান নেবে আংকারা।
তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি বা একেপির শীর্ষ পর্যায়ের আঞ্চলিক নেতাদের উদ্দেশে গতকাল (২৭ জুলাই) দেয়া এক বক্তৃতায় এরদোগান এইসব কথা বলেন।
তিনি বলেন, “সবার জেনে রাখা উচিত, যারাই ইসরাইলের পক্ষে অবস্থান নেবে আমরা তাদের বিরুদ্ধে থাকব। আমরা রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের মুখে চুপ থাকব না।”
অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর ও পবিত্র আল-কুদস শহরে ইসরাইলি সেনারা ফিলিস্তিনি জনগণের ঘর-বাড়ি উচ্ছেদ শুরু করার পর এরদোগান তার দলের নেতাদের একথা বললেন।
গত সোমবার ইহুদিবাদী সেনারা পশ্চিম তীরের সুর বাহের গ্রামে হামলা চালিয়ে বহু ঘর-বাড়ি উচ্ছেদ করে।
ইসরাইল দাবি করছে, এইসব ঘর-বাড়ি সীমান্ত দেয়ালের খুব কাছে অবৈধভাবে নির্মাণ করা হয়েছে।
তবে ফিলিস্তিনিরা বলছেন, ইসরাইল তার সম্প্রসারণবাদী নীতির আওতায় এইসব জায়গা দখল করতে চায়।
এমবি





