মিশরের সামরিক সরকারকে ১০টি অ্যাপাচি হেলিকপ্টার সরবরাহ করবে আমেরিকা। এই ধরনের হেলিকপ্টারগুলো আক্রমণের কাজে ব্যবহৃত হয়। শনিবার হেলিকপ্টার দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হ্যাগেল। খবর ওয়ার্ল্ডবুলেটিনের।

শনিবার মিশরের প্রতিরক্ষামন্ত্রী কর্নেল জেনারেল সেদকি সোবহির সঙ্গে এক আলাপকালে হেলিকপ্টার সরবরাহের বিষয়টি নিশ্চিত করেন হ্যাগেল।

উল্লেখ্য, গত এপ্রিলে হেলিকপ্টার সরবরাহের প্রক্রিয়াটি বন্ধ করে দিয়েছিল আমেরিকা। গত বছর গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করা ও আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গণহত্যা চালানোর দায়ে হেলিকপ্টারসহ অন্যান্য সামরিক সহায়তা বন্ধ করে দিয়েছিল আমেরিকা। কিন্তু সেনাপ্রধান সিসি এক তরফা নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে আমেরিকা আবার স্থগিত করা সহায়তা চালুর সিদ্ধান্ত নিয়েছে। এরই অংশ হিসেবে হেলিকপ্টার সরবরাহ করতে যাচ্ছে আমেরিকা।

মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল জন কিরবি জানিয়েছেন, অ্যাপাচি হেলিকপ্টারগুলো মিশরের সন্ত্রাসবিরোধী অভিযানে কাজে লাগবে। সিনাইয়ে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযানে এসব হেলিকপ্টার কাজে আসবে বলে জানিয়েছে পেন্টাগন। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন

ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ