উরি হামলার পর পাকিস্তান সম্পর্কে গতকাল প্রথম বার মুখ খুলেছিলেন মোদি। রবিবার ফের উত্তাপ ছড়ালেন দেশটির প্রধানমন্ত্রী।
আজ রবিবার ফের আক্রমণাত্মক ভঙ্গিমায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ভারতীয় সেনারা পাকিস্তানকে জবাব দেবেই। কোনভাবেই তাঁদেরকে ছাড় দেয়া হবে না বলে হুশিয়ারি উচ্ছারণ করেন।
গতকাল (শনিবার) পাকিস্তানের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন নিজ দলের সভামঞ্চ থেকে।
রবিবার আকাশবাণীতে ‘মন কি বাত’ অনুষ্ঠান থেকে আবারো পাকিস্তানকে উদ্দেশ্য করে তিনি হুঁশিয়ারি দিলেন।
নরেন্দ্র মোদী বলেছেন, ‘‘আমাদের সেনাবাহিনী বেশি কথা বলে না, বীরত্বে জবাব দেয়।’’ উরি হামলার পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে টানাপড়েন যে ভাবে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, সে প্রসঙ্গেই মোদী এ কথা বলেন।
তিনি বলেন, কাশ্মীরে দীর্ঘ অশান্তির পিছনে পাকিস্তানের হাত রয়েছে বলে বার বার দাবি করে আসছিলো ভারত। উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলার পর সেই আবারো উত্তেজিত হয়ে উঠে দু'দেশ।
এদিকে পাকিস্তান বরাবরই বলে আসছে, ওই হামলার সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই।
অন্যদিকে, ভারত বলছে, জঙ্গিরা যে পাকিস্তান থেকেই এসেছিল এবং পাকিস্তানের ছাপ মারা অস্ত্রশস্ত্র নিয়ে এসেছিল, তার প্রমাণ রয়েছে। এই পরিস্থিতিতে গোটা দেশে পাক বিরোধী আক্রোশ তুঙ্গে। কোনও কোনও মহল বলছে, ভারতীয় সেনার উচিত নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গি ঘাঁটিগুলি গুঁড়িয়ে দিয়ে আসা।
অন্য একটি মহল আবার যুদ্ধের বিরোধিতা করছে। তাঁদের মতে, আরও কৌশলী হতে হবে ভারতকে, কূটনৈতিক ভাবে গোটা পৃথিবী থেকে পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে হবে।
নরেন্দ্র মোদীর সরকার ঠিক কোন পথে হাঁটবে, তা এখনও স্পষ্ট নয়। ফলে তা নিয়ে সমালোচনাও শুরু হয়েছে বিভিন্ন শিবিরে।
এসএম





