লিবিয়ার উপকূল থেকে দু হাজারের বেশি মানুষ উদ্ধার লিবিয়ার উপকূলে নৌকা থেকে দুই হাজারের বেশি অভিবাসী ও শরণার্থীকে উদ্ধার করেছে ইতালির কোষ্ট গার্ড।

ইটালির কোস্ট গার্ড বলছে, এটা সমুদ্র থেকে একদিনে বৃহত্তম উদ্ধারের ঘটনাগুলোর একটি। শনিবারের এই উদ্ধার অভিযানে ইটালিয়ান নেভির দুটি জাহাজ যুক্ত ছিল। দু'টি কাঠের নৌকা ডুবে যাওয়ার উপক্রম হলে, নেভির জাহাজ তাদের সাহায্যে এগিয়ে যায়।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হচ্ছে, সমুদ্রে ভাসমান আরো কুড়িটি নৌযান থেকে 'ডিসট্রেস কল' বা 'উদ্ধার পাবার আবেদন' পেয়েছে উপকূল রক্ষীরা। উদ্ধারপ্রাপ্তদের মধ্যে একটি নবজাতকও রয়েছে।

লিবিয়ার এই রুটটি ইউরোপে অবৈধ অনুপ্রবেশের জন্য ব্যস্ততম জলপথ। এই পথে সমুদ্র পাড়ি দিতে গিয়ে চলতি বছর দু হাজারের উপর মানুষ মারা গেছে।

ইআর