ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে স্বাধীনতাকামী গেরিলাদের দফায় দফায় হামলার পর ভারতীয় নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। সম্ভাব্য হামলা সম্পর্কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
পুলিশ সূত্র জানিয়েছে, গোটা রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিমানবন্দর, রেল স্টেশন, বাস টার্মিনাল, মেট্রো স্টেশন ও মলগুলোর মত গুরুত্বপূর্ণ সব স্থাপনায় পুলিশের স্পেশাল অ্যান্ড ট্যাকটিস (সোয়াট) ও হিট টিমের সদস্যদের মোতায়েন করা হয়েছে।
দিল্লী পুলিশের বিশেষ শাখা ও গোয়েন্দারা দিনভর তৎপর রয়েছেন। তারা সন্দেহভাজনদের যেকোন ধরণের চলাচলের ওপর তীক্ষ্ণনজর রাখছে।
দিল্লী পুলিশ কমিশনার বি এস বাসি শুক্রবার সন্ধ্যায় এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে সকল জেলার ডিসিপি’দের সঙ্গে বাহিনীর প্রস্তুতির বিষয়টি পর্যালোচনা করেন।
ইন্ডিয়া গেট ও রেড ফোর্টের মত স্থানেও নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং কৌশলগত স্থানগুলোতে পিসিআর ভ্যান মোতায়েন করা হয়েছে।
এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেন, ‘উত্তর ভারতের একটি নগরীতে আজ সম্ভাব্য হামলা সম্পর্কে গোয়েন্দা তথ্য ছিল। ফলে রাজধানী ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে রেড অ্যালার্ট জারি করা হয়। আমরা যে কোন পরিস্থিতির জন্য সবরকম প্রস্তুতি রেখেছিলাম।’
এমএ





