২০০৪-০৫ থেকে ২০১৪-১৫ পর্যন্ত সময়ে ভারতের রাজনৈতিক দলগুলো অজানা উৎস থেকে মোট ৬ হাজার ৮০০ কোটি রুপি সংগ্রহ করেছে; যা এই দলগুলোর মোট আয়ের প্রায় ৬৯ শতাংশ।

সম্প্রতি ভারতীয় গবেষণা সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের (এডিআর) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে বলা হয়, অজ্ঞাত দাতা থেকে তহবিল সংগ্রহের ব্যাপারে সবচেয়ে এগিয়ে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস ও ক্ষমতাসীন দল বিজেপি।

ওই ১১ বছরে নির্দিষ্ট উৎস, সম্পত্তি বেচে, চাঁদা, ব্যাংকের সুদ, পত্রপত্রিকা বিক্রি এবং লেভি থেকে আয় করেছে দলগুলো। এসব আয়ের স্পষ্ট কোনো তথ্য তারা দেয়নি। বেশির ভাগ সময় ক্ষমতায় ছিল কংগ্রেস। ১১ বছরে অজ্ঞাত উৎস থেকে তারা চার হাজার কোটি রুপি সংগ্রহ করেছে; যা দলটির মোট আয়ের প্রায় ৮৩ শতাংশ। তার পরেই রয়েছে বিজেপি। বর্তমান ক্ষমতাসীন এ দলের তহবিলে ৩ হাজার ২৭৩ কোটি রুপি বা ৬৫ শতাংশ চাঁদা (২,১২৫.৯১ কোটি টাকা) কোথা থেকে এসেছে, তারও কোনো হিসেব নেই। এই দুই রাজনৈতিক দল ১১ বছরে ১১ হাজার ৩৬৭ কোটি রুপি অজ্ঞাত দাতাদের কাছ থেকে সংগ্রহ করেছে।

২০১৩ সালে আত্মপ্রকাশ করা দল আম আদমি পার্টি তিন বছরে অজ্ঞাত উৎস থেকে ১১০ কোটি রুপি কোষাগারে ভরেছে।

বিভিন্ন নির্বাচনের সময় নির্বাচন কমিশনকে দেওয়া রাজনৈতিক দলগুলোর তথ্য বিবেচনা করে এই প্রতিবেদন প্রকাশ করেছে এডিআর। সংস্থাটির প্রতিষ্ঠাতা সদস্য জগদ্বীপ ছোকার বলেছেন, সব দলের মোট ৬৯ শতাংশ আয়ের উৎস অজানা। ১১ বছরে এই অর্থের পরিমাণ ৬ হাজার ৮০০ কোটি রুপি।

দাতাদের বিবরণ নিয়ন্ত্রণ সংস্থার তত্ত্বাবধানে প্রকাশ করা উচিত বলে মনে করেন তিনি।

জারিফ