আফগানিস্তানে সংবাদমাধ্যম এবং নারীর অধিকার সম্মান ও রক্ষা করার অঙ্গীকার করেছেন তালেবানের এক মুখপাত্র।
আজ রোববার (১৫ আগস্ট ) প্রকাশিত এক বিবৃতিতে এই অঙ্গীকার করেন তিনি।
মুখপাত্র বলেন, সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজের সুযোগ দেয়া হবে।
তবে মত প্রকাশের স্বাধীনতার নামে কোনো প্রকার 'চরিত্র হননের' সুযোগ দেয়া হবে না বলে বিবৃতিতে বলেন ওই মুখপাত্র।
পাশাপাশি নারীদেরও তাদের বাড়িতে একা থাকার অনুমতি দেয়া হবে এবং তাদের জন্য শিক্ষাগ্রহণ ও কাজের সুযোগ অব্যাহত রাখা হবে বলে জানান ওই মুখপাত্র।
উল্লেখ্য, ১৯৯৬ থেকে ২০০১ থেকে আফগানিস্তানে তালেবানের ১ম আমলে কঠোর নিয়ন্ত্রণমূলক শাসনের জন্য সমালোচনার শিকার হয়েছিল সশস্ত্র দলটি।
ওই সময় ১২ বছরের কম বয়সী মেয়েদের স্কুলে যেতে বাধা, একাকি নারীদের রাস্তায় বের হতে না দেয়াসহ বিভিন্ন পদক্ষেপের কারণে তারা সমালোচিত হয়।
আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের জেরে নতুন করে আবার পুরো দেশের নিয়ন্ত্রণ নেয়া শুরু করে তালেবান।
কাবুলের প্রান্তে অবস্থান নিয়ে বর্তমানে শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তরে সরকারের সাথে আলোচনা চালাচ্ছে তারা। তথ্যসূত্র : বিবিসি।
এইচএন





