মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরীর আমন্ত্রনে সন্ত্রাসবিরোধী এক সম্মেলনে যোগ দিতে ওয়াশিংটন যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। পররাষ্ট্র মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই হবে মাহমুদ আলীর প্রথম আমেরিকা সফর।

আগামী ১৯ ফেব্রুয়ারি আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে “White House Countering Violent Extremism Summit (চরম সন্ত্রাসবিরোধী হোয়াইট হাউজ সামমিট)” –শীর্ষক এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সম্মেলনে পররাষ্ট্র সচিক মো: শহিদুল হকসহ তিন সদস্যদের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন পররাষ্ট্র মন্ত্রী মাহমুদ আলী।

জাতিসংঘ মহাসচিব বান কি মুনের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে পঞ্চাশটিরও বেশি দেশের মন্ত্রী, উচ্চ পদস্থ কর্মকর্তা এবং প্রাইভেট ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নিবেন।

এই সম্মেলনের মূল উদ্দেশ্য হলো চরম সন্ত্রাসবাদ মোকাবেলায় সবার ধারণা ও অভিজ্ঞতা বিনিময় এবং সমন্বিতভাবে সন্ত্রাস মোকাবেলায় নিজেদের পারস্পরিক বোঝাপড়াকে আরও সুসংসহত করা।

এই সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরীর সাথে দ্বিপক্ষীয় বৈঠকে বসারও কথা রয়েছে মাহমুদ আলীর।

সম্মেলনের দিন অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি কোন এক সময় এই দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হতে পারে। এতে পররাষ্ট্র মন্ত্রীর সাথে পররাষ্ট্র সচিবও উপস্থিত থাকবেন।

বাংলাদেশ ও আমেরিকার মধ্যকার সম্পর্কের নানা দিক এবং জাতীয় ও আন্তর্জাতিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে দ্বিপক্ষীয় বৈঠকে আলোচনা করা হবে বলে ধারনা করা হচ্ছে।

কেবি