জাপানের পশ্চিমাঞ্চলে ৮০ বছর বয়সী এক বৃদ্ধার পিছু নেয়ার অভিযোগে ৮৫ বছরের এক বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার পুলিশ জানায়, বৃদ্ধের স্ত্রীর সঙ্গে ওই বৃদ্ধা হাসপাতালে একই কক্ষে চিকিৎসাধীন ছিলেন। সেখানে বৃদ্ধার সঙ্গে তার পরিচয় হয়। বৃদ্ধার স্ত্রী বর্তমানে প্রয়াত।
এএফপি’র খবরে বলা হয়, ওয়াকিইয়ামা অঞ্চলের হাশিমোতোর বাসিন্দা তাকিও নিত্তা ওই বৃদ্ধার টেলিফোনে বেশ কয়েকটি মেসেজ পাঠান। মেসেজে তিনি বলেন, ‘আমি আপনার বাড়ির বাইরে অপেক্ষা করছি। বেরিয়ে আসুন।’
পুলিশের এক মুখপাত্র জানান, বৃদ্ধা পুলিশের কাছে ওই বৃদ্ধের বিরুদ্ধে অভিযোগ করলে পুলিশ তাকে দুবার সতর্ক করে। কিন্তু এরপর তার এ ধরনের হয়রানিমূলক আচরণের মাত্রা বেড়ে যায় এবং ২ মে তিনি মহিলার বাড়িতে জোরপূর্বক ঢুকে পড়েন।
পুলিশের মুখপাত্র আরো জানান, ১০ জুন বৃদ্ধার পিছু নিয়ে তাকে হয়রানি করার অভিযোগে নিত্তাকে গ্রেফতার করা হয়। তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অনেকাংশে স্বীকার করেছেন।
আসাহি শিম্বুন গত সপ্তাহে এক প্রতিবেদনে জানায়, কয়েক বছর আগে ওই মহিলা নিত্তার স্ত্রীর সঙ্গে হাসপাতালের একটি কক্ষে চিকিৎসাধীন থাকার সময় তাদের মধ্যে পরিচয় হয়।
পত্রিকাটি আরো জানায়, গত বছর নিত্তার স্ত্রী মারা যান।
জাপানে বয়স্ক লোকদের অপরাধ বেড়ে চলেছে। দেশটিতে বয়স্কদের সংখ্যা আনুপাতিকভাবে বেশি। সূত্র: বিএসএস
ঢাকা, ১৬ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ





